Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউকে হারাতে মরিয়া আরসিবি

গ্রুপ শীর্ষে থেকে প্লে-অফে নামার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারায় তা অবশ্য হাতছাড়া হয়েছে।

লখনউকে হারাতে মরিয়া আরসিবি
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

লখনউ: গ্রুপ শীর্ষে থেকে প্লে-অফে নামার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারায় তা অবশ্য হাতছাড়া হয়েছে। তবে দ্বিতীয় স্থানে শেষ করার সম্ভাবনা এখনও রয়েছে। তার জন্য দরকার মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়। আর তা হলে কোহলিরা প্রথম কোয়ালিফার খেলে সরাসরি ফাইনালের টিকিট ছিনিয়ে নেওয়ার সুযোগ পাবেন। হারলেও খেলবেন এলিমিনিটরের ম্যাচ। আসলে আইপিএলের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রথম দু’টি স্থানে শেষ করে একটা লাইফলাইন পাওয়া যায়। সেদিকেই আপাতত চোখ আরসিবি’র। আর লখনউ সুপার জায়ান্টস চাইছে পঁচিশের আইপিএলে জয় দিয়ে অভিযান শেষ করতে। 
আরসিবি’র ব্যাটিং অনেকটাই কোহলির উপর নির্ভরশীল। তবে গত ম্যাচে ওপেন করতে নেমে দুর্দান্ত খেলেছিলেন ফিল সল্ট। আশা করা যায়, তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হবে। মায়াঙ্ক আগরওয়াল তিনে নেমে ব্যর্থ হন। ইমপ্যাক্ট সাব হিসেবে হতাশ করেন রজত পাতিদার। তাঁর ফিটনেস সমস্যাও রয়েছে। সেই কারণে গত ম্যাচে টস করতে নেমেছিলেন জিতেশ শর্মা। আরসিবি’র মিডল অর্ডার বেশ শক্তিশালী। রোমারিও শেফার্ড, টিম ডেভিড এবং অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়ারা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। বেঙ্গালুরুর বোলিংয়েও ভারসাম্য রয়েছে। জস হ্যাজলউড ফেরায় পেস আক্রমণও অক্সিজেন পেয়েছে। এছাড়া আছেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল ও লুঙ্গি এনগিডি। তবে লখনউয়ের পিচে বল ঘুরতে পারে। তাই সুয়াশের সঙ্গে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে আরসিবি।
প্লে-অফের আশা আগেই শেষ হয়েছিল লখনউয়ের। ফলে সমর্থকরা কিছুটা হতাশ। তা কাটিয়ে তুলতে অন্তিম ম্যাচে ধুন্ধুমার পারফরম্যান্স মেলে ধরতে চান ঋষভ পন্থরা। লখনউয়ের ব্যাটিং খুবই শক্তিশালী। দুরন্ত ছন্দে রয়েছেন ওপেনার শন মার্শ। বিগ হিটার নিকোলাস পুরানও বড় ইনিংস খেলতে দক্ষ। পাশাপাশি ক্যাপ্টেন ঋষভ পন্থও চাইবেন ২৭ কোটির যথাযথ মর্যাদা দিতে। গত  ম্যাচে দুর্দান্ত গুজরাতকে হারিয়েছিল লখনউ। ফলে দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। তবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে বার বার হোঁচট খেয়েছেন ঋষভরা। সেই রোগ তারা কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার। মিডল অর্ডারে আয়ূশ বাদোনি অন্যতম সেরা ভরসা। অবশ্য বোলিং বিভাগ তুলনায় দুর্বল। আভেশ খান, আকাশ দীপ, আকাশ সিংরা চাইবেন বেঙ্গালুরুকে শুরুতে ধাক্কা দিতে। উইলিয়াম রৌরকি আগামী দিনের জন্য লখনউ দলে জায়গা পাকা করে ফেলেছেন। 

Advertisement


 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ