নিজস্ব প্রতিনিধি, দীঘা: রথযাত্রাকে কেন্দ্র করে আজ, শুক্রবার দেশজুড়ে সাজ সাজ রব। পুরীতে উপচে পড়েছে ভিড়। এরই মাঝে দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথমবারের রথযাত্রাকে কেন্দ্র করে চরম উন্মাদনা দেখা যায়। রাজ্যের সৈকত শহরে প্রভু জগন্নাথের ধামকে কেন্দ্র করে উৎসাহ তো ছিলই আমজনতার। তার সঙ্গে এদিন সেখানে রথের আয়োজনে বাড়তি উন্মাদনা যোগ হয়। ঘড়ির কাঁটায় সকাল ১০টা। দীঘার জগন্নাথ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে একে একে বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে এনে রথে চড়ানো হয়। মন্দিরের প্রধান গেটের সামনে পর পর তিনটি রথ দাঁড়িয়েছিল। সকাল ১০টায় রথে প্রভু জগন্নাথকে স্থাপন করার পর পুজো ও আরতি শুরু হয়। তিনটি রথেই পুজো, আরতি চলতে থাকে। বিদেশি ইস্কন ভক্তরা রথের সামনে নৃত্য পরিবেশন করেন।



