Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

টাইম ট্রাভেলে রণবীর

অতীতে ফিরে যাওয়ার সুযোগ খোঁজেন? বা ভবিষ্যতে কী হবে, আগে থেকেই জেনে নিতে চান? টাইম ট্রাভেল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

টাইম ট্রাভেলে রণবীর
  • ২৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

অতীতে ফিরে যাওয়ার সুযোগ খোঁজেন? বা ভবিষ্যতে কী হবে, আগে থেকেই জেনে নিতে চান? টাইম ট্রাভেল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবার এই বিষয়েই সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। দীনেশ বিজানের প্রযোজনায় সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। চলতি মাসের শুরুতেই ‘ধুরন্ধর’ ছবির টিজারে চমকে দিয়েছেন তিনি। তাঁর লুক প্রশংসিত হয়েছে সর্বত্র। এর পাশাপাশি নজরে রয়েছে ‘ডন ৩’ও। এই আবহে পরের ছবির কাজ পুরোদমে শুরু করছেন নায়ক। দীনেশের ম্যাডক ফিল্মসের সঙ্গে তিনি যে হাত মেলাচ্ছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তবে আগে শোনা গিয়েছিল, হরর কমেডি ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন রণবীর। সেই পরিকল্পনা ফলপ্রসূ হচ্ছে না। সূত্রের খবর, টাইম ট্রাভেলের গল্পের জন্য রণবীরের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছেন প্রযোজক। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘বাধাই হো’, ‘ময়দান’ খ্যাত অমিত রবীন্দ্রনাথ শর্মা। ইতিমধ্যে রণবীরকে চিত্রনাট্য ও গল্প শোনানো হয়েছে। সেটি তিনি পছন্দও করেছেন। জানা গিয়েছে, ভারতীয় পুরাণের রেফারেন্স থাকবে ছবিজুড়ে। টাইম ট্রাভেলের বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। এই ঘরানার ছবিতে আগে কখনও কাজ করেননি অভিনেতা। ফলে কাজটি করতে তিনি উৎসুক। তবে এখনও পর্যন্ত ছবির জন্য চুক্তিবদ্ধ হননি রণবীর। চূড়ান্ত হয়নি চিত্রনাট্যও। আপাতত প্রাক-প্রযোজনা স্তরের কাজ চলছে। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক হলে বিশেষজ্ঞের কাছে ওয়ার্কশপও করবেন অভিনেতা। রণবীরের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। সেসব শেষ হলেই শুরু হবে শ্যুটিং। নির্মাতাদের পরিকল্পনা, আগামী বছরের মধ্যে ছবির শ্যুটিং সেরে ফেলা হবে। তারপরের বছর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ