• ২১ মার্চ তাঁর জন্মদিন। ২০১৪ সালে জন্মদিন কাটানোর ঠিক একমাস পর ২১ এপ্রিল বিয়ে করেছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। প্রথম দিন থেকেই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর দাম্পত্যের অধিকাংশই ব্যক্তিগত রেখেছেন তিনি। আর ঠিক এই কারণেই আদিত্যর প্রেমে পড়েছিলেন নায়িকা। শুক্রবার পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করে আরও একবার সেই প্রেমের কারণ শেয়ার করেন রানি। আদিত্য বরাবরই ‘প্রাইভেট পার্সন’। রানির আকর্ষণের কারণ ছিল সেটাই। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করে বলতে পারি আদিকে আমি শ্রদ্ধা করি। ওর মূল্যবোধ, কাজের ধরন, মানুষটা যেমন— সব কিছু আমি আজও শ্রদ্ধা করি। আদি নিজের ব্যক্তিগত জীবন সবসময়ই ব্যক্তিগত রাখে। আমিও তাই। সেটাই আমাদের দাম্পত্যের রসায়ন।’ রানি আরও জানান, বরাবরই তিনি পরিবারের সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। দিনভর স্টুডিওতে কাজ করার পর আদিত্য আর কোথাও না গিয়ে বাড়িতে ফিরে আসেন, তাঁর এবং একমাত্র কন্যা আদিরার সঙ্গে সময় কাটান, এটাই তাঁকে সবথেকে বেশি আনন্দ দেয়। সেকারণেই বিশেষ দিনগুলিতে পরিবারের সঙ্গে সময় কাটান রানি।



