• মাত্র এক সপ্তাহ সময়। তার মধ্যেই নাকি রানি মুখোপাধ্যায়ের বিয়ের পোশাক তৈরি করে দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়! এত বছর পর রানির বিয়ের মজার সেসব কাহিনি প্রকাশ্যে এনেছেন সব্যসাচী। ২০১৪ সালে রানি এবং প্রযোজক আদিত্য চোপড়া বিয়ে করেছিলেন ইতালিতে। নিরাপত্তার ঘেরাটোপে ছিল সেই হাইপ্রোফাইল বিয়ে। রানি বরাবরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখেন। ফলে বিয়ের ছবি প্রকাশ করেননি নায়িকা। কিন্তু তাঁর বিয়ের পোশাক তৈরির গল্প সদ্য এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন সব্যসাচী। তিনি বলেন, ‘আমার মনে আছে একদিন লাঞ্চে এসে রানি বলেছিল, ও বিয়ে করছে। আমি জানতে চেয়েছিলাম, পোশাক তৈরির জন্য কতদিন সময় পাব? চটজলদি জবাব দিয়েছিল, এক সপ্তাহ! খুব আনন্দ করে কাজ করেছিলাম।’ রানির প্রিয় বন্ধু হিসেবে সব্যসাচী এবং পরিচালক তথা প্রযোজক করণ জোহর নাকি বিয়ের অনেক দায়িত্ব সামলেছিলেন, জানিয়েছেন পোশাকশিল্পী।



