Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে লক্ষ টাকা প্রতারিত রানাঘাটের বিজেপি নেতা

বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্যামাপ্রসাদ বিশ্বাস

বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে লক্ষ টাকা প্রতারিত রানাঘাটের বিজেপি নেতা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্যামাপ্রসাদ বিশ্বাস। অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় প্রায় ৯৯ হাজার টাকা। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শ্যামাপ্রসাদবাবুর ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে জানায়, তাঁর গত মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শ্যামাপ্রসাদবাবু জানান, তিনি ইতিমধ্যেই বিল পরিশোধ করেছেন। তখন প্রতারক তাকে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়তো পেমেন্ট সম্পূর্ণ হয়নি। যে টাকাটি কাটা হয়েছিল, তা অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়েছে। নিশ্চিত হতে শ্যামাপ্রসাদবাবুকে অনলাইন পেমেন্ট অ্যাপ খুলে ব্যালেন্স চেক করতে বলা হয়। ব্যালেন্স চেক করে অ্যাকাউন্টে কোনো টাকা ফেরত না আসায়, তিনি মেয়েকে ফোন ধরে কথা বলতে বলেন।

Advertisement

প্রতারক হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো ইলেকট্রিক বিল পাঠালে শ্যামাপ্রসাদবাবুর মেয়ে তা খোলেন। এরপর প্রতারক পেমেন্ট অ্যাপটি তাদের গোপন পাসওয়ার্ড দিয়ে আনলক করতে বলে। মেয়ে পাসওয়ার্ড না জানায় শ্যামাপ্রসাদবাবু নিজেই ফোনে পাসওয়ার্ড টাইপ করে অ্যাপটি খোলেন। পাসওয়ার্ড দেওয়া মাত্রই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৯৯ হাজার টাকা কেটে নেওয়া হয়। টাকা কেটে নেওয়ার মেসেজ দেখেই প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন দেরি না করে সঙ্গে সঙ্গে তাহেরপুর থানায় সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ