নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রীর দৌড়ে এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা? তবে পূর্ণমন্ত্রী নয়। বিজেপির অন্দরের খবর, রাজু বিস্তাকে কেন্দ্রে রাষ্ট্রমন্ত্রী করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে পাহাড়ের মানুষকেও একটা সুস্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে। দু'দিন আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে মোদি সরকারের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বৈঠকের ব্যাপারে রাজু বিস্তা কোনো মন্তব্য করেননি। তবে রদবদল সংক্রান্ত জল্পনার মধ্যেই এভাবে অমিত শাহের সঙ্গে বিস্তার বৈঠককে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, মন্ত্রিসভার পরিবর্তন নিয়ে চর্চার মধ্যেই রবিবার দিল্লিতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকবাবুর এমন আচমকা দিল্লি সফর নিয়েও স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। তবে এদিন দক্ষিণ দিল্লি কালীবাড়িতে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন শমীকবাবু। বিজেপি সভাপতির ঘনিষ্ঠ মহল সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, দক্ষিণ দিল্লি কালীবাড়ির ওই আলোচনা সভায় অংশ নিতেই দিল্লি এসেছেন শমীকবাবু। এর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনার কোনো সম্পর্ক নেই।



