জয়পুর: যন্তরমন্তর সহ দেশের নানা প্রান্তে পুলিশি দমনপীড়ন চলেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঘোরানো হয়েছে ছড়ি। তবু ককরোচদের বাগে আনা যাচ্ছে না। যত দিন যাচ্ছে, জেন জি-রা যেন কেন্দ্রের বিজেপি সরকারের গলার কাঁটা হয়ে উঠেছে। সম্প্রতি ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘স্কুল ঠিক করো’ অভিযানকে কেন্দ্র করে আরও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। রাজস্থান থেকে স্কুলের বেহাল দশার অভিযোগ পেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিজেপি-র কো কনভেনার আশুতোষ রাঙ্কা। রবিবার সমাজমাধ্যমে তিনি এই ঘোষণা করেন। ঘটনাচক্রে ঘোষণার কয়েক ঘণ্টা পরই রাজস্থানের বিজেপি সরকারের তরফে জানানো হয়, অনুমতি ব্যতীত কোনa বহিরাগত স্কুলে ঢুকতে পারবে না। চাপে পড়ে তড়িঘড়ি রাজস্থান সরকারের এমন পদক্ষেপে দেশজুড়ে চর্চা তুঙ্গে। সরকারি স্কুলগুলির মানোন্নয়নের দাবিতে দিনকয়েক আগে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ‘স্কুল ঠিক করো’ অভিযানের কথা জানিয়েছিলেন। এরপরই রবিবার সকালে সিজেপি-র আশুতোষ রাঙ্কা একটি পোস্টে জানান, ‘এ পর্যন্ত আমি জয়পুর, আজমের, যোধপুর, উদয়পুর, ঢোলপুর, ভরতপুর, কোটা-সহ রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি। এই সমস্ত জায়গায় স্কুলের সমস্যা মেটাতে প্রশাসনের কোনো হেলদোল নেই। আগামী কয়েকদিন স্কুলগুলি পরিদর্শনে যাব।’



