গুয়াহাটি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাজিমাত রাজস্থান রয়্যালসের। সোমবার ইডেনে বৃষ্টিতে পণ্ড হয়েছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। মঙ্গলবার বর্ষাপাড়া স্টেডিয়ামেও সেই আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ওভারসংখ্যা কমে দাঁড়ায় ১১। টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান তিন উইকেটে তোলে ১৫০। যশস্বী জয়সওয়াল মাত্র ৩২ বলে অপরাজিত থাকেন ৭৭ রানে। বৈভব সূর্যবংশীর ব্যাটে ১৪ বলে আসে ৩৯। জবাবে ৯ উইকেটে মুম্বইয়ের সংগ্রহ ১২৩। রাজস্থান জয়ী হয় ২৭ রানে। এই জয়ের সুবাদে রিয়ান পরাগদের পয়েন্ট দাঁড়াল তিন ম্যাচে ৬। সমসংখ্যক ম্যাচে মুম্বই থেমে ২ পয়েন্টেই।
এই ম্যাচ ক্রিকেট মহলে চিহ্নিত হয়েছিল যশপ্রীত বুমরাহ বনাম বৈভব সূর্যবংশীর দ্বৈরথ হিসেবে। আর তাতে টেক্কা দেয় ১৫ বছর বয়সিই। বুমবুমের প্রথম বলেই ছয় হাঁকায় সে। সেই ওভারে মারে আরও এক ছক্কা। শেষ পর্যন্ত ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে মারে ১৪টি চার ও ১টি ছক্কা। বৈভবের এমন ধুমধাড়াক্কায় ফের মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। রাজস্থান ইনিংসের প্রথম ওভারেই অবশ্য ঝড় তুলেছিলেন যশস্বী। সেই ওভারে দীপক চাহারের থেকে ২২ রান আদায় করেন তিনি। তাতে ছিল চারটি চার ও একটি ছয়। পঞ্চাশে পৌঁছতে নেন মাত্র ২৩ বল। ২৪০.৬২ স্ট্রাইক রেটে যশস্বী মারেন ১০টি চার ও ৪টি ছক্কা। দায়িত্ব নিয়ে দলকে দেড়শোয় পৌঁছে দেন বাঁ-হাতি ওপেনার। তিন ওভারে বুমরাহ দেন ৩২ রান। মুম্বইয়ের সফলতম বোলার গাজানফার (২-২১)। রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় মুম্বই। স্কোরবোর্ডে ২২ রান উঠতে না উঠতেই ফিরে যান রায়ান রিকেলটন (৮), সূর্যকুমার যাদব (৬) ও রোহিত শর্মা (৫)। ব্যর্থ তিলক ভার্মা (১৪), ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও (৯)। নমন ধীর (২৫) ও শেরফানে রাদারফোর্ড (২৫) মরিয়া চেষ্টা করলেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না।