রাজ্যের উপর নিম্নচাপের প্রভাব নেই। এই মুহূর্তে কোনও মৌসুমি অক্ষরেখাও রাজ্যের উপর সক্রিয় নেই। শুধুমাত্র বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জন্য দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এমনকী শহরে হচ্ছে বৃষ্টি। কোথাও স্থায়ীভাবে দীর্ঘক্ষণ আবার কোথাও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আজ, শনিবারও বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী কাল, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা। এক বা দু’দফায় হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শহরের কিছু অংশে বৃষ্টি হয়েছে। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৮.৮ মিমি বৃষ্টি হয়ছে।