নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনকে সম্পূর্ণ আবর্জনামুক্ত রাখতে আরও কড়া পথে হাঁটছে পূর্ব রেল। এবার থেকে স্টেশন চত্বরে আবর্জনা ফেললেই অত্যাধুনিক ফেস রেকগনিশন ক্যামেরার সাহায্যে অভিযুক্তকে চিহ্নিত করে জরিমানা করা হবে। একইসঙ্গে চালু হয়েছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে সাধারণ মানুষ পড়ে থাকা নোংরার ছবি পাঠিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
শনিবার হাওড়া স্টেশনে ‘স্বচ্ছতা অভিযান’-এর তৃতীয় পর্যায়ে এই নতুন কর্মসূচির কথা জানানো হয়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পরিচ্ছন্নতা রক্ষায় এবার শুধু রেলকর্মীদের উপর নির্ভর না করে যাত্রীদেরও সরাসরি যুক্ত করা হচ্ছে। নতুন হোয়াটসঅ্যাপ নম্বর ৯০০২০২২৭৮০। স্টেশন বা রেল চত্বরে জমে থাকা আবর্জনার ছবি এই নম্বরে পাঠালে দ্রুত তা পরিষ্কারের ব্যবস্থা করা হবে। অভিযোগকারীদের পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ শংসাপত্রও দেওয়া হবে। একইসঙ্গে হাওড়া স্টেশন চত্বরে বসানো হবে শতাধিক ফেস রিকগনিশন ক্যামেরা। এই ক্যামেরাগুলি শুধু অপরাধ দমনেই নয়, চিহ্নিত করবে পরিচ্ছন্নতা নষ্ট করা ব্যক্তিদেরও। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুধু যাত্রী নয়, কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে রেলের কর্মীদেরও। ট্রেনে কর্মরত অন বোর্ড হাউজকিপিং সার্ভিস ও প্যান্ট্রি কারের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই ট্রেন থেকে আবর্জনা বাইরে ফেলা যাবে না। স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে সমস্ত বর্জ্য ফেলতে হবে। কর্মীদের কাজও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। নিয়ম ভাঙলে তাঁদের বিরুদ্ধেও জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো যাত্রী ট্রেন বা রেললাইনে আবর্জনা ফেললে সঙ্গে সঙ্গে আরপিএফকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর বলেন, ‘রেললাইন কোনো ডাস্টবিন নয়। রেললাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের বাড়ির আবর্জনা রেলপথে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে অনুরোধ করা হবে। বর্জ্য পৃথকীকরণ, কম্পোস্টিং এবং ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প সফল করতে রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’