Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

দ্রুত জমি অধিগ্রহণ করতে ‘রেল ভূমি’ পোর্টাল রেলের

বাংলা সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে প্রকল্প বাস্তবায়নে গতি আনতে চাইছে রেল।

দ্রুত জমি অধিগ্রহণ করতে ‘রেল ভূমি’ পোর্টাল রেলের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলা সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে প্রকল্প বাস্তবায়নে গতি আনতে চাইছে রেল। এবার রেলের জমি নীতিতে বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ‘রেল ভূমি’ নামে পোর্টাল চালু করছে রেলমন্ত্রক। মঙ্গলবার দিল্লিতে একথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর অর্থ, এখন থেকে রেলের জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো কাজ আর ‘ম্যানুয়াল’ এবং ‘পেপার বেসড’ হবে না। এসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া হবে অনলাইনে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কাজ কোন পর্যায়ে রয়েছে, ‘রেল ভূমি’ পোর্টালের মাধ্যমে তাও জানা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এবিষয়কে অত্যন্ত লক্ষণীয় বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। কারণ এর মাধ্যমে অন্যান্য রাজ্য তো বটেই, বিশেষত বিজেপি শাসিত বাংলায় জমি অধিগ্রহণের পর রেলের প্রকল্পের কাজ রূপায়ণে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

অতীতে কেন্দ্রের অভিযোগ ছিল, তৃণমূল সরকার পর্যাপ্ত জমি অধিগ্রহণ করে দেয়নি বলে রেলের প্রকল্পের একটি বড়ো অংশের কাজই থমকে গিয়েছে। এবার ‘রেল ভূমি’ পোর্টালের মাধ্যমে একইসঙ্গে বাংলাতেও রেলের জমি অধিগ্রহণের প্রক্রিয়া কতটা এগচ্ছে, তাও সরাসরি দেখে নেওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় রেলে ৫২ সপ্তাহে ৫২টি সংস্কারমূলক কর্মসূচি প্রকাশের কথা জানিয়েছেন। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার এসংক্রান্ত ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে তিনি এদিন জানিয়েছেন, রেলকে প্রযুক্তিগত সহায়তাপ্রদানকারী সংস্থা ‘ক্রিস’-এর তৈরি এই ‘রেল ভূমি’ পোর্টালের সঙ্গে মন্ত্রকের অন্যান্য কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মকে জুড়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ