Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী শহরের ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার, জমির মাপজোক করল রেল

দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড়ো পদক্ষেপ। কল্যাণীর ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার তৈরির জন্য বুধবার জমি মাপার কাজ করল রেল।

কল্যাণী শহরের ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার, জমির মাপজোক করল রেল
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড়ো পদক্ষেপ। কল্যাণীর ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার তৈরির জন্য বুধবার জমি মাপার কাজ করল রেল। 

Advertisement

উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক, রেলের আধিকারিক, রাজ্য সরকারের প্রতিনিধি এবং কল্যাণী পুরসভার কর্তারা। কল্যাণীর অন্যতম ব্যস্ত এই রেলগেটের একদিকে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস), অন্যদিকে আছে কল্যাণী মেডিকেল কলেজ (কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল), গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ইএসআই-সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার মানুষ রেলগেট পারাপার করেন। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় প্রায়শই যানজট হয়। রোগী, অ্যাম্বুল্যান্স, ছাত্র-ছাত্রী ও মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। স্থানীয়দের অভিযোগ, বহুবার রোগী নিয়ে যাওয়ার সময় যানজটে আটকে পড়ছে গাড়ি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের রেল ওভারব্রিজ নির্মাণের দাবি ছিল। সে দাবি মেনে এদিন রেল কর্তৃপক্ষ ফ্লাইওভার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির পরিমাপ করেন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ওভারব্রিজ নির্মিত হলে এলাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে। সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। জমি সংক্রান্ত কোনও জটিলতা নেই। জমির পরিমাণ সংক্রান্ত তথ্য দ্রুত সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের জয়দেববাট এলাকা থেকে ওভারব্রিজটি উঠে ৪২ নম্বর রেলগেট ও এ-ব্লক বাজার সংলগ্ন কল্যাণী সীমান্ত লোকালের রেলগেট পার করে কল্যাণী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিক্ষায়তন স্কুলের সামনের রাস্তায় নামবে। ওভারব্রিজ তৈরির প্রাথমিক কাজ শুরু হওয়ায় খুশি কল্যাণীর বাসিন্দারা। বহু প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস বলেন, ‘জমি নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি ফ্লাইওভারের কাজ দ্রুত শুরু হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ