ভুবনেশ্বর, ৪ সেপ্টম্বর: কাছে ছিলনা কনফার্ম টিকিট। সেই সুযোগেই কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা যাত্রীকে প্ল্যাটফর্মের একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠল খোদ এক রেলকর্মীরই বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার রাউরকেলা রেলস্টেশনে। বিষয়টি জানাজানি হতেই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই কর্মী কপিলেশ্বর সিংকে ইতিমধ্যে (৫৪) গ্রেপ্তার করেছে জিআরপি।
পুলিশ জানিয়েছে, ওড়িশার নুয়াপাড়া জেলার বাসিন্দা ওই মহিলা বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরু যাওয়ার জন্য রাউরকেলা স্টেশনে এসেছিলেন। তাঁর কাছে কনফার্ম টিকিট ছিল না। সেই সময় রেলেরই এক কর্মী কপিলেশ্বর সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই রেলকর্মী তাঁকে ১ নম্বর প্ল্যাটফর্মের একটি রুমে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই মহিলার।
অভিযোগ পেয়ে পুলিশ ওই রেলের কর্মী সম্পর্কে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তথ্য নেয় জিআরপি। পরে কাপিলেশ্বর সিং ঘটনাস্থলে পৌঁছলে অভিযোগকারী মহিলা তাঁকে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। এরপর মহিলাকে রাউরকেলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে রতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(বি) ধারায় একটি মামলা রুজু করা হয়। বর্তমানে জিআরপি হেফাজতে রয়েছেন অভিযুক্ত। রেলস্টেশন চত্বরে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর রাউরকেলা স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।