নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক বন্দে ভারত স্লিপার ট্রেন চালিয়ে ধাপে ধাপে রাজধানী এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে রেলমন্ত্রক। কিন্তু এবার কি ধীরে ধীরে দুরন্ত এক্সপ্রেস ট্রেনও বন্ধ করার চিন্তাভাবনা করছে মোদি সরকার? এনিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, চেন্নাইয়ের আইসিএফকে (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) একলপ্তে ৫০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত দিয়েছে রেল বোর্ড। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, শয়নযানবিশিষ্ট নতুন বন্দে ভারত এক্সপ্রেসগুলি ১৬-র পরিবর্তে ২৪ কোচের হবে।
রেল বিশেষজ্ঞ মহলের মতে, এত বিপুল সংখ্যায় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে স্বাভাবিকভাবে বিভিন্ন পর্যায়ে রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি দুরন্ত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বন্ধ হবে। চেয়ার কার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে হুবহু এই প্রক্রিয়াই শুরু হয়েছে জনপ্রিয় শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে।
এই মুহূর্তে দেশে একটিমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেন চলাচল করে। হাওড়া থেকে গুয়াহাটি রুটে। গত জানুয়ারি মাসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা শুরু হয়। পরবর্তী সাত মাসে দেশের আর কোথাও বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করা যায়নি। এবার সেই প্রক্রিয়াতে আরও গতি আনতে মরিয়া রেলমন্ত্রক। বর্তমানে যে বন্দে ভারত স্লিপার চলে, সেখানে ১১টি থার্ড এসি, চারটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ রয়েছে। জানা যাচ্ছে, ২৪ কোচের ট্রেনগুলিতে মোট ১৭টি থার্ড এসি কোচ থাকবে। পাঁচটি সেকেন্ড এসি ও একটি ফার্স্ট এসি কোচ থাকবে। একটি প্যান্ট্রি কারও থাকবে। বর্তমান বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারেন। নতুন ট্রেনগুলিতে প্রায় দ্বিগুণ যাত্রীর পক্ষে যাতায়াত করা সম্ভব হবে।