Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে টুলু ঘনিষ্ঠের বিলাসবহুল বাড়িতে অভিযান, পুলিশের জালে তিন অভিযুক্ত

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন সূত্র। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের কাছে সরকারডাঙায় একটি বিলাসবহুল বাড়িতে হানা দিল পুলিশ।

শান্তিনিকেতনে টুলু ঘনিষ্ঠের বিলাসবহুল বাড়িতে অভিযান, পুলিশের জালে তিন অভিযুক্ত
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন সূত্র। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের কাছে সরকারডাঙায় একটি বিলাসবহুল বাড়িতে হানা দিল পুলিশ। রবিবার গভীর রাতে বোলপুরের এসডিপিও অর্পিত পারাখের নেতৃত্বে অভিযান চলে। সঙ্গে ছিল মহম্মদবাজার ও শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী।

Advertisement

কয়েকদিন আগে মহম্মদবাজারে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কয়েক কোটি টাকা ও প্রচুর সোনার গয়না উদ্ধার হয়। ওই ঘটনায় মিনার সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। টুলুকে এখনও ধরতে পারেনি পুলিশ। তদন্তকারীদের অনুমান, টুলুর অগাধ সম্পত্তি ও টাকার জাল আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকতে পারে। তার তদন্তেই এবার সরকারডাঙার বাড়িটিতে তল্লাশি চালাল পুলিশ। গভীর রাতে হলুদ রঙের প্রাসাদোপম বাড়িটিতে জোর তল্লাশি শুরু হয়। বাড়ির চারদিকে কড়া নজরদারি চালানো হয়। সূত্রের খবর, বাড়ির প্রতিটি ঘর, আলমারিতে তল্লাশি চালানো হয়। ছাদ ও বাগান এমনকী বাদ যায়নি শৌচাগার ও গাড়ির গ্যারেজও। সোমবার বেলা পর্যন্ত এই অভিযান চলে।পুলিশ সূত্রের খবর, সোনাঝুরি জঙ্গলের কাছেই ওই বাড়িতে দীর্ঘদিন ধরে টুলু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনজন থাকতেন। অভিযান চলাকালীন তাদের আটক করা হয়। বাড়ি থেকে একটি ব্যাগ ও বেশকিছু সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয়েছে বলেও সূত্রের দাবি। বাড়ির সামনে থাকা একটি দামি গাড়িও আটক করা হয়েছে। তদন্তে আরও একটি গাড়ি ঘিরে রহস্য দানা বেঁধেছে। ওই বাড়িতে ঢোকার আগে রাস্তার উল্টোদিকে ঘিরে রাখা একটি বিশাল জায়গায় বেশ কয়েক মাস ধরে আরও একটি বিলাসবহুল গাড়ি রয়েছে। সূত্রের খবর, সেটি টুলুর বড় শ্যালক মহম্মদ সামসুল আলম ওরফে মিন্টুর। সরকারি নথিতেও গাড়িটি তাঁর নামেই রয়েছে। কয়েক মাস ধরে সেখানেই রয়েছে গাড়িটি। গাড়িটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় পড়ে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলত। তবে অভিযান নিয়ে পুলিশের তরফে সোমবার বিকেল পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ