Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাহুল-সিরাজ নেই দলীপ ট্রফি দলে, কড়া বার্তা বিসিসিআইয়ের

দলীপ ট্রফির জন্য ঘোষিত দক্ষিণাঞ্চল দলে নেই লোকেশ রাহুল ও মহম্মদ সিরাজ। এতে রীতিমতো ক্ষিপ্ত বিসিসিআই। রাজ্য সংস্থাগুলোকে চিঠি লিখে দলীপ ট্রফির ঐতিহ্য ও গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে।

রাহুল-সিরাজ নেই দলীপ ট্রফি দলে, কড়া বার্তা বিসিসিআইয়ের
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: দলীপ ট্রফির জন্য ঘোষিত দক্ষিণাঞ্চল দলে নেই লোকেশ রাহুল ও মহম্মদ সিরাজ। এতে রীতিমতো ক্ষিপ্ত বিসিসিআই। রাজ্য সংস্থাগুলোকে চিঠি লিখে দলীপ ট্রফির ঐতিহ্য ও গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিযোগিতার মান বজায় রাখতে শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারেরই খেলা উচিত এই ট্রফিতে। তবে যথাযথ কারণ দর্শালে কোনও ক্রিকেটারকে ছাড় দেওয়া হবে।  

Advertisement

বোর্ডের জেনারেল ম্যানেজার অব ক্রিকেট অপারেশনস, আবে কুরুভিল্লা রাজ্য সংস্থাগুলিকে এই প্রসঙ্গে ইমেল করেছেন। বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্রাক্টে থাকা সমস্ত ক্রিকেটারকে দলে রাখার কড়া বার্তা দিয়েছেন তিনি। বোর্ডের অসন্তোষের নেপথ্যে দলীপের জন্য ঘোষিত দক্ষিণাঞ্চল স্কোয়াড। তাতে রাহুল-সিরাজকে রাখা হয়নি। এছাড়াও দলে নেই ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শনরা। এর পরিপ্রেক্ষিতেই কুরুভিল্লা লিখেছেন, ‘দলীপ ট্রফির ঐতিহ্য বজায় রাখতে এবং প্রতিযোগিতায় সর্বোচ্চ মানের ক্রিকেট নিশ্চিত করতে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারেরই উচিত এই আসরে খেলা। তবে চোট-আঘাতের বিষয়টি আলাদা।’ 
২৮ আগস্ট শুরু হচ্ছে এবারের দলীপ ট্রফি। ঘরোয়া ক্রিকেটারদের কাছে এটাই প্রথম শ্রেণির ক্রিকেটের সেরা মঞ্চ। অন্যদিকে, আন্তর্জাতিক তারকারাও নিজেদের ঝালিয়ে নিতে পারেন এই আসরে। পাশাপাশি, তাঁদের উপস্থিতি নবীন ক্রিকেটারদের কাছে হয়ে ওঠে মোটিভেশন। তবে অনেক রাজ্য সংস্থাই মনে করে যে, আন্তর্জাতিক ক্রিকেটারদের সুযোগ দিলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েও বঞ্চিত হতে হয় তরুণদের। বোর্ডের নীতি যদিও স্পষ্ট। আন্তর্জাতিক ক্রিকেট বা আগে থাকতে ছুটির দরখাস্ত না করলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক। যথাযথ কারণ ছাড়া ঘরোয়া ক্রিকেট না খেললে জাতীয় দলের জন্য সেই ক্রিকেটারকে বিবেচনা করা হবে না। সেই নীতি মেনে এবারের দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, আকাশ দীপ, মহম্মদ সামি, অর্শদীপ সিং, শ্রেয়স আয়াররা। কিন্তু রাহুল ও সিরাজ না থাকায় দক্ষিণাঞ্চল কতটা শক্তিশালী, তা নিয়ে সংশয় থাকছেই ক্রিকেট মহলে।

সম্পর্কিত সংবাদ