নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার অনুগত ভৃত্যের মতো আচরণ করছেন। মার্কিন সেনার হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় এই ভাষাতেই আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, আপস করে চলা প্রধানমন্ত্রী ভারতের সম্মান রক্ষা করবেন না। কারণ, দেশকে যারা অপমান করে, তাদের কাছেই তিনি ‘ঋণী’। ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে আমেরিকার তরফে এখনও কোনো দুঃখপ্রকাশ করা হয়নি। বরং হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ উপেক্ষা বা ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্পষ্ট করে জানিয়ে দেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি আরও বলেন, হরমুজে শান্তি ও নিরাপত্তার জন্য আমেরিকার নির্দেশ মানতেই হবে বাণিজ্যিক জাহাজগুলিকে।
এই প্রসঙ্গ উল্লেখ করে রাহুল লিখেছেন, ‘মার্কিন হামলায় তিনজন ভারতীয়র নিহত হওয়ার পরেও কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই। উলটে, আমেরিকা একের পর এক নির্দেশ দিয়েই চলেছে। ওদের কথাগুলো পড়ুন—মার্কিন সামরিক নির্দেশ মেনে চলুন, কোনো উপেক্ষা বরদাস্ত করা হবে না।’ রাহুল আরও লিখেছেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্র কখনই এমন ভাষা সহ্য করে না। কিন্তু আমাদের আপস করা প্রধানমন্ত্রী? তিনি নীরব। তিনি অনুগত ভৃত্যের মতো কথা শোনেন ও নির্দেশ মেনে চলেন।’
মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। রবিবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘মোদি দাবি করেন, ভারত কারও কাছে মাথা নোয়াবে না। অথচ তিনি যে বিশ্বে ভারতের অবস্থান ও সার্বভৌমত্বকে খাটো করে চলেছেন, তার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। প্রতিদিন ভারতের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে। খাড়্গে আরও লিখেছেন, ‘নাবিকদের মৃত্যুর পর তিনদিন কেটে গিয়েছে। অথচ কোনো বিবৃতি বা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো বার্তা দিলেন না প্রধানমন্ত্রী।’