সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার ব্রজলালচক মোড়ে ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবস ও গান্ধীজির মূর্তি প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদ্যাপন হল। হলদিয়ার ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান হয়। ৯আগস্ট ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবস। স্থানীয় মানুষের উদ্যোগে তিন দশকের বেশি আগে ওই দিনেই ব্রজলালচকে গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে একটি কমিটি তৈরি করে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড শুরু হয়। এবার প্রতিষ্ঠা দিবসের সঙ্গেই গান্ধী স্মৃতি রক্ষা সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভাও হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে রাখীবন্ধন উৎসবও পালিত হয়েছে। ওইদিন সকালে বাড়বাজিতপুর যতীন্দ্র হাইস্কুল, দক্ষিণচক হাইস্কুল এবং ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। ১১৬নম্বর জাতীয় সড়কের উপর গান্ধী মূর্তির পাদদেশ থেকে বর্ণাঢ্য প্রভাতফেরি শুরু হয়। চার কিলোমিটার পথ পরিক্রমা করে ব্রজলালচক বাপুজি কুঠিরে শোভাযাত্রা শেষ হয়। এই উপলক্ষ্যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ভারতছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রবীণ শিক্ষক শীতলপ্রসাদ বিশ্বাস, মদনমোহন সেন, সুজনকুমার বালা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত মাইতি, স্বামী শুদ্ধাত্মানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক শীর্ষেন্দু দাসঅধিকারী প্রমুখ।



