জয়পুর: খারাপ রাস্তা নিয়ে রাজ্যের মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। প্রশ্ন করেছিলেন, কেন এতদিনেও সারানো হয়নি গুরুত্বপূর্ণ রাস্তা। এরই খেসারত দিতে হল গ্রামবাসীদের। অভিযোগ, তাঁদের জল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। মন্ত্রীর নির্দেশেই এই কাজ হয়েছে বলে অভিযোগ। জল ও বিদ্যুতের লাইন কেটে গ্রামবাসীকে সবক শেখানোর চেষ্টা করেছেন তিনি। রাজস্থানের পালি জেলার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের মন্ত্রী তথা বিজেপি বিধায়ক জোরারাম কুমাওয়াতের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত শনিবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন তিনি। সেখানে সুমেরপুর বিধানসভার গুরদাই সুমেরপুর গ্রামের বাসিন্দারা মন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ করেন। জানান, স্কুলের ছাদ চুঁইয়ে জল পড়ছে। রাস্তাঘাট নোংরা, সারানো হয়নি দীর্ঘদিন। পাকা রাস্তাও নেই। একটি স্মারকলিপিও দিতে চান গ্রামবাসীরা। যদিও তা না নিতে চাননি মন্ত্রী। এমনকী, বক্তৃতাও দেননি তিনি। এরপরের দিন সকালে সরকারি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মীরা এসে অনেকের বাড়ির জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও আইনজীবী কিরণ কুমার মীনা বলেন, ‘ওরা জানিয়েছে, সংযোগগুলি অবৈধ। অথচ আমাদের বাড়িতে গত পাঁচ বছর ধরে জল সংযোগ রয়েছে। যদি অবৈধই হয়, তাহলে আগে নোটিস পাঠানো হল না কেন? কেবল প্রশ্ন করেছিলাম বলেই এই শাস্তি!’ ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিরোধী দল কংগ্রেস। যদিও জেলা কালেক্টর লক্ষ্মীনারায়ণ জানিয়েছেন, ‘আমি মন্ত্রীর সঙ্গে কথা বলব।’



