সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ৩ মে থেকে ২১ জুলাই। আড়াই মাস সময় কেটে গিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। অবশেষে দিল্লি ও দেশের রাজ্যে রাজ্যে ককরোচ জনতা পার্টি এবং যুবসমাজের আন্দোলনের আগুনে আঁচে শেষপর্যন্ত নরেন্দ্র মোদিকে মুখ খুলতেই হল। মঙ্গলবার সংসদ ভবনে এনডিএ জোটের সংসদীয় দলের বৈঠকে তাঁর স্বীকারোক্তি, ‘নিটের প্রশ্নপত্র ফাঁস মহাপাপ!’ জানিয়ে দিলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সর্বভারতীয় মেডিকেল কোর্সের এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক, প্রশ্নপত্র গঠন এবং পরীক্ষাপর্ব পরিচালনার সবটাই করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ফলে প্রশ্নপত্র ফাঁসের দায়ও তাদের হওয়া উচিত। কিন্তু মোদি মনে করেন না যে, সব দায় কেন্দ্রের। তিনি এদিন এমপিদের বলেছেন, কেন্দ্র-রাজ্য সকলের সমান দায়। প্রশ্নপত্র ফাঁস না হতে দেওয়া একটি জাতীয় দায়িত্ব। প্রধানমন্ত্রীর অভিমত, এই ইস্যুতে যুবসমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের বোঝাতে হবে। সঠিক পথে নিয়ে আসা দরকার। যদিও কোনটা সঠিক পথ সেই বিষয়ে বিস্তারিত দিশা প্রদর্শন করেননি তিনি। শুধু বার্তা দিয়েছেন যে, ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কড়াকড়ি করা হচ্ছে আগামী দিনে ইত্যাদি। অর্থাৎ মোদির দাবি, সরকার সব ব্যবস্থাই নিয়েছে।



