Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘যোগ্য’ শিক্ষকরা এবার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানাবেন

হয় চাকরি ফিরিয়ে দিতে হবে, নাহলে দিতে হবে স্বেচ্ছামৃত্যুর অনুমতি। এই মর্মে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ই-মেল ও চিঠি পাঠাতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

‘যোগ্য’ শিক্ষকরা এবার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানাবেন
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হয় চাকরি ফিরিয়ে দিতে হবে, নাহলে দিতে হবে স্বেচ্ছামৃত্যুর অনুমতি। এই মর্মে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ই-মেল ও চিঠি পাঠাতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে একটি চিঠির খসড়া তৈরি করা হয়েছে। মঞ্চের আশা, হাজার হাজার চিঠি রাষ্ট্রপতি ভবনে জমা পড়লে তাদের সমস্যা সমাধানের কোনও একটি সূত্র অবশ্যই বেরিয়ে আসবে। 

Advertisement

মঞ্চের তরফে অন্যতম আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ই-মেল পাঠানো শুরু হবে। বিকেল ৪টের মধ্যে সবাই পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি চিঠিও পাঠাবেন। চিঠির বয়ানে সামগ্রিক পরিস্থিতির উল্লেখ থাকছে। তাতে বলা হয়েছে, শিক্ষকরা সাত বছর চাকরি করে কোনও দোষ ছাড়াই আদালতের নির্দেশে এখন কর্মচ্যুত হতে চলেছেন। এর ফলে দেশের বিচারব্যবস্থার উপর থেকে আস্থা চলে গিয়েছে তাঁদের। তাই তাঁরা তিনটি প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতিকে। তার মধ্যে যে কোনও একটি মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। প্রস্তাবগুলি হল, (১) যাঁরা ‘টেইন্টেড’ বলে চিহ্নিত নন, তাঁদের চাকরিচ্যুত করে শাস্তি যাতে না দেওয়া হয়। (২) আনুষ্ঠানিকভাবে যেন তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দেন তিনি। (৩) রাষ্ট্রপতি যেন চাকরি বাতিলের রায়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন আদালতকে। 
প্রসঙ্গত, মোট ১৫,৪০৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, যাঁরা আদালতের কাছে ‘টেইন্টেড’ বা অযোগ্য বলে চিহ্নিত নন। তাঁরাই নিজেদের নাম, স্কুলের নাম লিখে চিঠি পাঠাবেন রাষ্ট্রপতিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ