Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনশন শুরু ‘যোগ্য’ শিক্ষকদের, গ্রুপ সি ও ডি’র ভাতা নিয়ে রায়দান স্থগিত

প্রথমে বিধানসভা অভিযান। তারপর শুক্রবার সন্ধ্যা থেকেই অনশন আন্দোলনে বসলেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ। বিকাশ ভবনের উল্টোদিকে আন্দোলনকারীদের জন্য তৈরি করে দেওয়া ছাউনিতে অনশনে বসেছেন ১০ জন শিক্ষক।

অনশন শুরু ‘যোগ্য’ শিক্ষকদের, গ্রুপ সি ও ডি’র ভাতা নিয়ে রায়দান স্থগিত
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে বিধানসভা অভিযান। তারপর শুক্রবার সন্ধ্যা থেকেই অনশন আন্দোলনে বসলেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ। বিকাশ ভবনের উল্টোদিকে আন্দোলনকারীদের জন্য তৈরি করে দেওয়া ছাউনিতে অনশনে বসেছেন ১০ জন শিক্ষক। তাঁদের দাবি, নতুন করে পরীক্ষা কোনওভাবেই নেওয়া যাবে না। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটকে মান্যতা দিয়ে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এদিকে, ১৬ জুন থেকে শুরু হচ্ছে নতুন করে চাকরির পরীক্ষার আবেদন পর্ব। আন্দোলনকারীরা এই প্রক্রিয়ায় অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যদিও সরকার পক্ষের একাংশের বক্তব্য, রিভিউ পিটিশন যেভাবে এগচ্ছে, এগোক। পাশাপাশি, আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রার্থীরা অন্য একটি বিকল্পও খোলা রাখুন।  এদিকে, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি’র চাকরিহারাদের ভাতা সংক্রান্ত আরও একটি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এদিন সওয়ালে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। কর দেন এমন যে কোনও নাগরিক ভাতা দেওয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে পারেন। যদিও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুক্রবার ফের প্রশ্ন তুলেছে রাজ্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ