Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ডিসেম্বরে ভারত সফরে পুতিন

অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ডিসেম্বর মাসেই আসছেন তিনি।

মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ডিসেম্বরে ভারত সফরে পুতিন
  • ২৮ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ নভেম্বর: অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ডিসেম্বর মাসেই আসছেন তিনি। আজ, শুক্রবার তেমনটাই জানিয়েছে ক্রেমলিন। ভারতের বিদেশমন্ত্রকের তরফেও পুতিনের এই সফর নিশ্চিত করা হয়েছে। ডিসেম্বরের ৪-৫ তারিখে ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে যোগ দেওয়ার জন্যই আসছেন পুতিন। কিছুদিন আগেই এই সামিটে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

সেই আমন্ত্রণে সাড়া দিয়েই পুতিনের এই সফর বলে জানা গিয়েছে। পুতিনের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারতের ঘাড়ে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই শুল্ক চাপ কমাতেই রাশিয়ার জ্বালানি তেল আমদানি অনেকটাই কমিয়েছে নয়াদিল্লি। ট্রাম্পের ভীতিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার। ঠিক সেই সময়ে ভারতে এসে প্রধানমন্ত্রী মোদিকে কী বার্তা দেন পুতিন তার দিকেই তাকিয়ে সকলে। সূত্রের খবর, এই সফরে পুতিন দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। রাষ্ট্রপতি ভবনে পুতিনের জন্য নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টেরও।

চলতি বছরে ভারতে পুতিন যে আসবেন তা আগস্ট মাসেই ঠিক হয়ে গিয়েছিল। সেই সময়ে মস্কোতে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তখনই পুতিনের প্রতিনিধিদের সঙ্গে ডোভালের বৈঠক হয়। তবে এদিন রাশিয়ার প্রেসিডেন্টের সফরসূচি নিশ্চিত করা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ