মস্কো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সরাতে ক্রমাগত চাপ বাড়াচ্ছে আমেরিকা। এই আবহে ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। তিনি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার্থে মাদুরো সরকারের নীতিকেই সমর্থন করছেন। বেলারুশের প্রেসিডেন্টও ইতিমধ্যে কথা বলেছেন মাদুরোর প্রতিনিধির সঙ্গে।
বিগত কয়েকমাস ধরেই মাদুরোর বিরোধিতায় সরব হয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। মাদুরোর বিরুদ্ধে আমেরিকায় মাদক-সন্ত্রাসবাদ (ন্যাক্রো-টেরোরিজম) ছড়ানোর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। প্রকাশ্যে মাদুরোর পদত্যাগের দাবি জানিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক ও অপরাধী পাঠাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেই ভেনেজুয়েলার একটি তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে আমেরিকা। ট্রাম্প প্রশাসন জানায়, অ্যান্টি-ড্রাগ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। এই আবহে প্রেসিডেন্ট পুতিনের সমর্থন তাঁর আত্মবিশ্বাস আরও জোরালো করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।