মস্কো, ১৬ নভেম্বর: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। গতকাল, শনিবার পুতিন ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে দুই রাষ্ট্রনেতার কার্যালয়। এই ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপচারিতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির বাস্তবায়ন ও পণবন্দি বিনিময় সম্পর্কেও কথা হয়েছে দুই নেতার।
এছাড়াও উল্লেখযোগ্যভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে। তবে নেতানিয়াহুকে আচমকাই ফোন করেননি পুতিন। এর পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া, গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে আলাদা একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। রাশিয়ার প্রস্তাবে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ গঠন বা আন্তর্জাতিক বাহিনী তাৎক্ষণিক মোতায়েনের অনুমোদন নেই।
তবে রাষ্ট্রসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি গাজায় দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে স্পষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মস্কোর তরফে। তবে এই কাজ করতে গিয়ে গাজায় কোনও ভৌগোলিক ও প্রাদেশিক পরিবর্তনকে সমর্থন করবে না রাশিয়া। সেটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে এখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে টানটান উত্তেজনা। আর ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে গাজার সামগ্রিক তথ্য নেওয়ার পাশাপাশি জল মাপছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।