নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, পুরুলিয়া: ফের বিজেপি শাসিত রাজ্যে নৃশংসভাবে খুন হতে হল বাঙালি পরিযায়ী শ্রমিককে, এমনটাই অভিযোগ তৃণমূলের। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা সুখেন মাহাত নামের ওই পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের পুনেতে কাজ করতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। সুখেনের ক্ষতবিক্ষত দেহের ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়েছে এলাকায়। তার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পৌঁছতেই মাহাত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সুখেনের পরিবার তৃণমূলের সমর্থক। বরাবাজার থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে সুখেনের পরিবার।
জানা গিয়েছে, বুধবার সকালে পুনেতে এই ঘটনা ঘটেছে। বারবার বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ নেমে আসছে। নৃশংস এই ঘটনায় বিচলিত ও ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নকে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য। রাজ্য সরকার মাহাত পরিবারের পাশে থাকার সবরকমের আশ্বাস দিয়েছে। এদিন রাতেই বান্দোয়ানের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভপতি রাজীব লোচন সোরেন, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাত সহ প্রতিনিধি দল সুখেনের বাড়িতে যায়।