Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

খাড়্গের সভাস্থল শুদ্ধকরণ: ব্যবস্থা নিন মোদি, এবার সোচ্চার প্রিয়াঙ্কা

গত ৮ আগস্ট উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

খাড়্গের সভাস্থল শুদ্ধকরণ: ব্যবস্থা নিন মোদি, এবার সোচ্চার প্রিয়াঙ্কা
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ৮ আগস্ট উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর তাঁর সভাস্থল ‘শুদ্ধকরণ’-এর অভিযোগ ওঠে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। অভিযুক্তদের বিরুদ্ধে তপসিলি জাতি ও উপজাতি আইনে মামলা করার দাবি জানান তিনি। রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, উত্তরাখণ্ডে দলের সভাপতির জনসভার পর বিজেপি ও আরএসএসের কর্মীরা শুদ্ধকরণ করেন। প্রধানমন্ত্রী যদি সংবিধানকে সম্মান জানান তাহলে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। ঘটনার ২০ দিন কেটে গেলেও কেন্দ্রীয় ও রাজ্য সরকার কেন নীরব, প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এনিয়ে সরব হন। তিনিও খাড়্গের সভার পর ‘শুদ্ধকরণ-এর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআরের দাবি তোলেন। ওই ঘটনাকে বিজেপি ও আরএসএসের মানসিকতার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। বলেন, তারা কখনই দলিতদের উন্নতি চায় না। এনিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা রবিশংকর প্রসাদের কটাক্ষ ‘কংগ্রেস ও খাড়্গে মিথ্যাচারে পারদর্শী। কেন্দ্র ও উত্তরপ্রদেশের যোগী সরকার দলিতদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাঁদের জন্য সংরক্ষণ চালু করে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ বলেন, রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্যের জন্য লাইক পেতে পারেন, তবে সাধারণ মানুষের সমর্থন পাবেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ