নয়াদিল্লি ও চণ্ডীগড়: ধর্ষণের মামলা চেপে দিতে পাঁচ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রী। এই অভিযোগ পাওয়ার পরই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। পাঞ্জাব সরকার ও পুলিশকে নোটিস পাঠিয়েছে তারা। কমিশনের নির্দেশ, বিষয়টি খতিয়ে দেখে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। জানা গিয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মানের স্ত্রী গুরপ্রীত কাউরের বিরুদ্ধে। এদিন জাতীয় মানবাধিকার কমিশন নোটিস জারির পরই প্রাক্তন ওই বিচারপতিকে আইনি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাতে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত তথ্যপ্রমাণ হাজিরের দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন গুরুপ্রীত। গোটা বিষয়টি ভোটমুখী পাঞ্জাবে তুমুল রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযোগ ঘিরে মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়েছেন বিরোধী দলনেতাও।



