Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পথকুকুরদের খাওয়ানো নিয়ে নির্দেশিকা তৈরি করল রাজ্য

পথকুকুরদের খাওয়ানো নিয়ে নির্দেশিকা তৈরি করল রাজ্য
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথকুকুর, বিড়ালদের খাওয়ানোকে কেন্দ্র করে প্রায়শই ঝামেলার খবর আসে। তেমনই একটি ঘটনাকে ঘিরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার অর্ণব চক্রবর্তী। সেই মামলার জেরে পথকুকুরদের খাওয়ানো নিয়ে একটি নির্দেশিকা তৈরি করল রাজ্য সরকার। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই নির্দেশিকা জমা দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, সেটি সমস্ত পুরসভায় পাঠিয়ে দিতে হবে। 
Advertisement
ওই নির্দেশিকা পেশ করে রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত জানান, পথকুকুরদের কোথায় খাওয়ানো হবে, কীভাবে খাওয়ানো হবে, কী কী খাওয়ানো হবে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। খাওয়ানোর সময়ও বেঁধে দেওয়া হচ্ছে। পুরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে কয়েকটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে। সেখানেই খাওয়ানো যাবে পথকুকুরদের। পুরসভা নির্ধারিত জায়গায় দিনে দু’বার নির্দিষ্ট সময়ে খাওয়ানো যেতে পারে পথকুকুরদের। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে সকাল ৭টা এবং সন্ধ্যা ৭টা এই কাজের জন্য বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও ক্ষেত্রেই দু’ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না খাওয়ানোর জন্য। কুকুরদের খাওয়ানোর সময়ে রাস্তা নোংরা করা যাবে না। খাওয়ানো হয়ে গেলে সেই জায়গাটি পরিষ্কার করে দিতে হবে পশুপ্রেমীদের। পুরসভা নির্দিষ্ট জায়গায় না খাইয়ে পথকুকুরদের অন্য কোথাও খাবার দেওয়া হলে শাস্তির মুখে পড়তে হতে পারে। এছাড়াও কী ধরনের খাবার দেওয়া যাবে তাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে বলেও তিনি আদালতকে জানিয়েছেন।  
সম্পর্কিত সংবাদ