নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। একটি ঘটনা ঘটেছে কসবায়, অন্যটি গার্ডেনরিচে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কসবার সুইনহো লেনের বাসিন্দা রাজু দাস (৩৯) শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা দেয়। তিনি পড়ে যান। মাথায় হেলমেট থাকলেও তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিও। অন্যদিকে, শনিবারই রাত একটা নাগাদ তারাতলা রোড দিয়ে যাচ্ছিলেন রফিকুল ইসলাম লস্কর (২৮)। তখন পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিস তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



