Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএসসির চেয়ারম্যান পদ শূন্য এক মাসের বেশি, আটকে কর্মীদের একাংশের পদোন্নতি

পিএসসির চেয়ারম্যান পদ শূন্য থাকায় সরকারি কর্মীদের পদোন্নতি আটকে রয়েছে। শুভেন্দু অধিকারী সতর্কতা জারি করেছেন। বিস্তারিত পড়ুন।

পিএসসির চেয়ারম্যান পদ শূন্য এক মাসের বেশি, আটকে কর্মীদের একাংশের পদোন্নতি
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি দপ্তরে কর্মী ও আধিকারিক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এক মাসেরও বেশি সময় ধরে এই পিএসসির চেয়ারম্যান পদ শূন্য পড়ে রয়েছে। এতে কিছু সমস্যা তৈরি হয়েছে। বিগত সরকারের সময় নিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করেন। তাঁর জায়গায় এখনও কাউকে নিযুক্ত করেনি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়েছেন, রাজ্যে নিয়োগকারী সংস্থাগুলিকে ইউপিএসসির আদলে ঢেলে সাজা হবে। ইতিমধ্যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে প্রবীণ আইএএস অফিসার, অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিক দুষ্যন্ত নারিয়ালকে নিযুক্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পিএসসির শীর্ষ পদে কোনো প্রবীণ আমলাকেই আনা হবে। কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে। রাজনীতির সঙ্গে সামান্য সম্পর্ক আছে, এমন কাউকে নিয়োগকারী সংস্থার শীর্ষে বসাতে চাইছে না সরকার। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তার জন্যই এই সতর্কতা। পিএসসিতে চেয়ারম্যান ছাড়াও কয়েকজন সদস্য থাকেন। তৃণমূল সরকারের সময় নিযুক্ত চেয়ারম্যান পদত্যাগ করলেও পিএসসির ওয়েবসাইটে এখনও আগের সরকারের সময় নিযুক্ত সদস্যদের নাম রয়েছে। সরকারি সূত্রের খবর, পিএসসির নতুন সদস্যদের বাছাই করার ক্ষেত্রে সরকার সতর্ক। তাই সময় নেওয়া হচ্ছে।

Advertisement

পিএসসিতে চেয়ারম্যান না থাকার জন্য সমস্যা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত একটি সংগঠন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের সেক্রেটারিয়েট শাখা ওই চিঠিতে জানিয়েছে, পিএসসিতে কোনো চেয়ারম্যান না থাকার জন্য কিছু সরকারি কর্মী তাঁদের প্রাপ্য পদোন্নতি ছাড়াই অবসর নিচ্ছেন। করণিক থেকে পদোন্নতির মাধ্যমে সচিবালয়ে আধিকারিক পদে আসে একটা অংশ। ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের আধিকারিকরা এতে অসুবিধায় পড়ছেন। কারণ, তাঁদের পদোন্নতি প্রক্রিয়া চেয়ারম্যান না থাকার জন্য আটকে আছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো প্রস্তাব কর্মিবর্গ  ও প্রশাসনিক সংস্কার দপ্তরের মাধ্যমে পিএসসির কাছে যায়। পিএসসি অনুমোদন দিলে আধিকারিকদের পদোন্নতি হয়। সংগঠনের বক্তব্য, সরকারি অফিসে নতুন কর্মী নিয়োগ, পদোন্নতি প্রভৃতি ক্ষেত্রে পিএসসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্থায়ী চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ করতে সময় লাগলে একজন সদস্যকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠন। পিএসসির যে সদস্যরা এখনও আছেন, তাঁদের মধ্যে আছেন সরকারি আধিকারিকও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ