নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রস্তাবে ভুল নিয়ে দলীয় কোন্দলের জেরে বাজেটই পাস হল না টিটাগড় পুরসভায়। এই পুরসভার ২৩ জন কাউন্সিলারই তৃণমূলের। তারপরও বাজেট পাস না হওয়ার ঘটনা এক কথায় নজিরবিহীন। ফলে এনিয়ে শাসকদলকে ঠেস দিতে ছাড়েনি বিজেপি। মঙ্গলবার পুরসভায় বাজেট নিয়ে বৈঠক ছিল। প্রস্তাবে ট্রাক্টর কেনা নিয়ে হিসেবে গরমিল ছিল বলে কাউন্সিলারদের একাংশ সরব হয়। ফিন্যান্স অফিসারকে তা ঠিক করে দিতে বলা হয়। বিষয়টি ভুল হয়েছে বলে পুর কর্তৃপক্ষ স্বীকারও করে। কিন্তু এনিয়ে কাউন্সিলারদের মধ্যে তর্কাতর্কিতে বাজেট মিটিং ভেস্তে যায়। এমনিতেই এই পুরসভায় বোর্ড গঠন হওয়ার পর থেকেই কোন্দল শুরু হয়। এখানে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চৌধুরী। তাঁকে সরিয়ে কমলেশ সাউকে চেয়ারম্যান করা হয়। বিষয়টি ভালোভাবে নেননি প্রশান্ত অনুগামী কাউন্সিলাররা। ফলে, টিটাগর পুরসভায় কোন্দলে জর্জরিত শাসকদল। এই আবহে বাজেট পাস না হওয়ায় শাসকদলের অবস্থা আরও বেআব্রু হল। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, বিজেপি থেকে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরাই গোলমাল পাকাচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখছি। সাংসদ পার্থ ভৌমিক বিষয়টি জানেন। পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, বোর্ড মিটিংয়ে একটি বিষয়ে ভুল ধরা পড়ে। বলা হয়েছে, সংশোধন করে নেওয়া হবে। সমস্যা হয়েছিল। মিটে গিয়েছে। কোনও কোন্দল নেই। বিজেপি নেতা বিশাল জয়সওয়াল বলেন, দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন কাউন্সিলাররা।



