Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, জারি নির্দেশিকা

পর্যটকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, জারি নির্দেশিকা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: গত তিন মাসের মধ্যে দু’বার আগুন লেগেছিল নামখানার মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্রে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি কটেজের বেশ কয়েকটি ঘর। তারপর থেকেই এখানে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সঠিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে। এবার এ ব্যাপারে নড়েচড়ে বসল পুলিস ও স্থানীয় প্রশাসন। সোমবার রাতে পর্যটন কেন্দ্রের কটেজ মালিকদের নিয়ে বৈঠক করল মৌসুনি গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, এই বৈঠকে কটেজগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। 
Advertisement
এ বিষয়ে মৌসুনি ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অরুণ জানা বলেন, ‘পর্যটকদের কাছে এখন মৌসুনি পর্যটন কেন্দ্র খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই তাঁদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই কটেজ মালিকদের দেখা উচিত। কটেজগুলিকে সুষ্ঠুভাবে চালানোর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। কটেজ মালিকদের সেই নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অ্যাসোসিয়েশনও প্রতিটি কটেজের উপর নজরদারি চালাবে।’
মৌসুনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খান বলেন, ‘বৈঠকে কটেজ মালিকদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি সঠিকভাবে ইলেকট্রিক ওয়্যারিং করা, পর্যাপ্ত পরিমাণ জল ও বালির বস্তা মজুত রাখা সহ অগ্নি নির্বাপণের মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কটেজগুলিতে জেনারেটর থাকা বাঞ্ছনীয়। তার সঙ্গে কটেজ থেকে নদী বা পুকুর পর্যন্ত লম্বা পাইপ রাখতে হবে। স্থানীয় প্রশাসনের অনুমতির কাগজপত্র অবশ্যই লাগবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই নির্দেশিকা পালন না করলে অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করবে।’
সম্পর্কিত সংবাদ