নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহর ও গ্রামীণ এলাকা মিলে এবার প্রায় পাঁচ হাজার দুয়ারে সরকার শিবির হবে হাওড়া জেলায়। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্পগুলি। হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি গ্রামীণ এলাকায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে শিবির থাকবে। জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে মোবাইল ক্যাম্প পাঠানো হবে।
Advertisement
এজন্য ইতিমধ্যেই জেলাজুড়ে প্রচার শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের ৩৫টি প্রকল্পের সুবিধা সরাসরি এই শিবিরগুলি থেকে পাবে সাধারণ মানুষ। বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা আলাদা স্টলের পাশাপাশি হেলথ ক্যাম্পের ব্যবস্থাও থাকবে দুয়ারে সরকারে শিবিরে। এছাড়া থাকবে স্বনির্ভর গোষ্ঠীর স্টল, ক্রেডিট কার্ড ও কৃষি বিষয়ক স্টল। জেলা প্রশাসন জানিয়েছে, বেকার যুবক-যুবতীদের নতুন ব্যবসায় উৎসাহিত করতে দুয়ারে সরকার ক্যাম্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের তরফে একটি বিশেষ স্টল বসানো হবে।



