নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুরসভা এলাকার উন্নয়ন নিয়ে সর্বভারতীয় কনভেনশনে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এক মেয়র ও দুই পুর-চেয়ারম্যান। আগামী ২৬ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওই কনভেনশন হবে। পুর ও নগরোন্নয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসবে সেখানে যাচ্ছেন গৌতম দেব, দিলীপ যাদব ও অদিতি রায়চৌধুরী মিত্র। গৌতমবাবু শিলিগুড়ি পুরসভার মেয়র। দিলীপ যাদব এবং অদিতিদেবী যথাক্রমে উত্তরপাড়া ও বসিরহাট পুরসভার চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজ্য সরকার এই তিনজনকে মনোনয়ন দিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ষোড়শ অর্থ কমিশনকে কেন্দ্র করে ওই কনভেনশনের আয়োজন হয়েছে। সেখানে পুরসভাগুলিকে আরও শক্তিশালী করা নিয়ে প্রস্তাব গৃহীত হবে। বিষয়টি নিয়ে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘আমাকে রাজ্যের পুর-প্রশাসনের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নগরোন্নয়নের নিরিখে দেশকে দিশা দেখাতে পারে। কেন্দ্রীয় সরকারের ডাকা কনভেনশনে উন্নয়নের সেই বার্তাই তুলে ধরব।’



