Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থী হতে চেয়ে এখন থেকেই তৃণমূল ভবনে দরবার প্রাক্তন কং কাউন্সিলারের

প্রার্থী হতে চেয়ে এখন থেকেই তৃণমূল ভবনে দরবার প্রাক্তন কং কাউন্সিলারের
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ডে উপ নির্বাচন কি শীঘ্রই? আচমকা এই প্রশ্নে চর্চা শুরু হয়েছে কারণ, তিনটি ওয়ার্ডের যে কোনও একটিতে প্রার্থী হতে চেয়ে এখনই তৃণমূল ভবনে দরবার শুরু করে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলার প্রকাশ উপাধ্যায়। দলের শীর্ষ নেতৃত্বকে তিনি এনিয়ে চিঠিও দিয়েছেন। 
Advertisement
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড। এর মধ্যে ৪, ৪৭ ও ৭৯ নম্বর ওয়ার্ডে বর্তমানে কোনও কাউন্সিলার নেই। এই তিন ওয়ার্ডে ভোট কবে হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। তা আরও গতি পেয়েছে টিকিট চেয়ে প্রকাশবাবুর প্রকাশ্য দরবারের ঘটনায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়েছিলেন তিনি। সেই সময় দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। একটি চিঠি জমা দেন। পরে প্রকাশবাবু নিজেই চিঠির বিষয় খোলসা করে দেন। তাঁর বক্তব্য, ‘কিছু দিনের মধ্যে কলকাতা পুরসভার তিন ওয়ার্ডে উপ নির্বাচন হতে পারে। তাই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছি।’ ৪৭ নম্বর ওয়ার্ডেই প্রার্থী হতে চেয়েছেন তিনি। তবে দল মনে করলে যে কোনও ওয়ার্ডেই তিনি প্রার্থী হতে রাজি বলেও জানিয়েছেন। প্রকাশ উপাধ্যায় দীর্ঘদিনের কংগ্রেসের কাউন্সিলার ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। কংগ্রেস কাউন্সিলার হিসেবে তাঁর সঙ্গে তৃণমূল নেতা পরেশ পালের বিরোধ একাধিকবার সামনে এসেছে। এই অবস্থায় প্রকাশবাবুকে আদৌ তৃণমূল প্রার্থী করবে কি না, সেই সিন্ধান্ত একমাত্র দলের শীর্ষ নেতৃত্বই নেবে। তবে ভোট যে সময়ই হোক না কেন, এলাকায় জনসংযোগ রাখতে পারবেন, এমন ব্যক্তিকেই তৃণমূল প্রার্থী করতে চায় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ