


সংবাদদাতা, কাঁথি: রবিবার খেজুরির হিজলি মসনদ-ই-আলা এলাকায় সম্প্রতি আগুনে পুড়ে যাওয়ার দোকানপাট পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস প্রতিনিধি দল। এদিন খেজুরির বোগা সংলগ্ন একাধিক জায়গায় দফায় দফায় তাঁরা আক্রান্ত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোগার কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ি আটকে কাচ ভেঙে দেওয়া হয়। ওই এলাকায় আরও দু’টি গাড়িতে হামলা চলে এবং কংগ্রেস নেতারা আক্রান্ত হন। একটি গাড়িতে শ্যামপুরের মাঝে গাড়ি আটকে লুকিং গ্লাস ভেঙে দেওয়ার পাশাপাশি দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়। গোটা ঘটনায় কংগ্রেসের অভিযোগের তির বিজেপির দিকে। এদিন বিজেপির বিজয় মিছিলের আগে ঘটনাটি ঘটে। খেজুরি ও তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এই ঘটনায় খেজুরি থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছেন নেতারা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসকর্ট করে নেতাদের হেঁড়িয়া পর্যন্ত পৌঁছে দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে হিজলি মসনদ-ই-আলা পর্যটন কেন্দ্র ও পশ্চিম ভাঙনমারি-দুটি পৃথক এলাকায় আগুন লেগে ৪০টিরও বেশি দোকান পুড়ে যায়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পূর্ব মেদিনীপুরের কাঁথি বিভাগের কংগ্রেস সভাপতি শম্ভু ভুঁইয়া, তমলুক বিভাগের সভাপতি কল্যাণ রায়, মহিলা নেত্রী লিরিকা মুক্তার সহ বিভিন্ন এলাকার প্রার্থীরা এবং জেলা নেতারা হিজলির ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে যান। তাঁরা মোট সাত-আটটি গাড়িতে ছিলেন। প্রথমে হিজলিতে গিয়ে পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন কংগ্রেসের প্রতিনিধিদল। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে বেশকিছু ত্রাণসামগ্রীও তুলে দেন। সেখান থেকে ফেরার সময় হামলার ঘটনা ঘটে। এর আগে তাঁরা পশ্চিম ভাঙনমারিতে যান। এদিনই খেজুরিতে বিজেপির বিজয় মিছিল করার কথা ছিল। তার আগে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিলেন।
কংগ্রেস নেতাদের অভিযোগ, বাইকে করে কয়েকজন আমাদের গাড়িগুলির পিছনে ফলো করে। তারপর বোগার কাছে প্রদেশ সভাপতির গাড়ি আটকে হামলা চালায়। নেতাদের সঙ্গে বচসা চলাকালীন গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। প্রদেশ সভাপতির সঙ্গে আরও কয়েকজন নেতা ছিলেন। আবার বোগা সুস্বাস্থ্য কেন্দ্রের কাছে একটি গাড়ি আটকায়। একটি গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়। গাড়ির সামনে থাকা পতাকা খুলে পাশ্ববর্তী নয়ানজুলিতে ফেলে দেয়। কিছুদূরে আরও একটি গাড়ি আটকে ক্ষতি করা হয়।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে দক্ষিণ কাঁথি কেন্দ্রের প্রার্থী, কংগ্রেস নেতা মাসুদ মল্লিক বলেন, তারা বলতে থাকে ভোট শেষ হয়ে যাওয়ার পর এখানে এসেছ কেন? তারা অশালীন ভাষায় কথা বলতে থাকে। প্রদেশ সভাপতি শুভঙ্করবাবু বলেন, গণতান্ত্রিক দেশে সব রাজনৈতিক দলের কর্মসূচি করার অধিকার রয়েছে। বিজেপির লোকজন ঘৃণ্য এই কাজ করেছে। আমরা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে। বিজেপির বিধায়ক সুব্রত পাইক বলেন, কারা কী করেছে জানি না। ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। পুলিশ-প্রশাসন রয়েছে। তারা নিশ্চয়ই সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এবিষয়ে কাঁথির এসডিপিও অতনু ঘোষাল বলেন, অভিযোগ জমা পড়েছে। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।