নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে আন্দোলনের আঁচ এবার কলকাতায়! ভোট চুরির অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বুধবার রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছিল প্রদেশ কংগ্রেস। দুপুর তিনটে নাগাদ প্যারাডাইস সিনেমা হলের সামনে থেকে রাজভবনমুখী কর্মসূচি শুরু করেন কংগ্রেস কর্মীরা। পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। জ্ঞানেশ কুমারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন কংগ্রেস কর্মীরা। রাজভবনের সামনে কংগ্রেসের মিছিল গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। কংগ্রেস কর্মীরা রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
প্রদেশ কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি বিভাগের চেয়ারপার্সন মিতা চক্রবর্তী বলেন, ভোট চুরি করে গণতন্ত্রকে কলঙ্কিত করেছেন জ্ঞানেশ কুমার। উনি আর এক মুহূর্ত নির্বাচন কমিশনারের পদে বসার অধিকারী নন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, তাতে শামিল কলকাতা তথা রাজ্যের কংগ্রেসের কর্মীরা। কলকাতায় যেমন রাজভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। তেমনই জেলায় জেলায় পথে নেমেছেন কংগ্রেস কর্মীরা।
অন্যদিকে, জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর বাতিল, শ্রমকোড বাতিল সহ বিভিন্ন দাবিতে এদিন শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিল করে সিপিআই (এমএল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। সংগঠনের রাজ্য সম্পাদক বাসুদেব বসু ও সভাপতি অতনু চক্রবর্তী সহ চার জনের প্রতিনিধি দল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।