ঢাকা: আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ একাধিক রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থানে বসেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছিলেন দলের কর্মী-সমর্থকরাও। তাঁদের সঙ্গে যোগ দেয় জামাতের সদস্যরা। সরকারের উপর চাপ বাড়াতে শুক্রবার বিকেলে তাঁরা শাহবাগে অবস্থানে বসেন। সেখানে হাসনাত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা শাহবাগ অবরোধ শুরু করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।’ এই পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে, আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে। এই নিয়ে অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করা হচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।



