সংবাদদাতা, জঙ্গিপুর: এক যুবতীকে উত্যক্ত করার প্রতিবাদ জানানোয় ভয়াবহ হামলার শিকার হল একটি পরিবার। অভিযোগ, রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর এলাকায় অভিযুক্তরা দলবেঁধে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্তরা। ঘটনায় অন্তত আটজন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে ওই যুবতী-সহ আরও তিনজন মহিলাও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই এলাকার এক যুবতীকে উত্যক্ত করার অভিযোগ উঠছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সেই ঘটনার জেরেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। রবিবার রাতে পরিকল্পিতভাবে তারা যুবতীর বাড়িতে ঢুকে হামলা চালায়।
অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা এলাকা ছাড়ে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।