Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রোমোটারের বিরুদ্ধে পুকুর ভরাট, জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ

প্রোমোটারের বিরুদ্ধে পুকুর ভরাট, জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। সেই সঙ্গে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগও তুললেন মালিক। এই অভিযোগকে ঘিরে ভাটপাড়া এলাকায় শোরগোল পড়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ এসেছে। তা খতিয়ে দেখা হবে। যদি প্রকৃতই পুকুর থাকে, তাহলে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। এর আগেও ভাটপাড়া এলাকায় ভরাট করে দেওয়া পুকুর আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হয়েছে। 
Advertisement
এদিন জমির মালিক হৃষীকেশ বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাটের অভিযোগ তুলেছেন। হৃষীকেশবাবু অভিযোগ করেন, তাঁর দাদাদের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নিয়েছেন প্রোমোটার। তাঁদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। গভীর রাতে মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে। এনিয়ে সরগরম হয়ে ওঠে ২৮ নম্বর ওয়ার্ডের ওই এলাকা। 
এ ব্যাপারে পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, আমাকে একজন সিআইসি সদস্য পুকুর ভরাটের ছবি পাঠিয়েছেন। আমি বিষয়টি চেয়ারম্যানের নজরে আনছি। সেখানে প্রকৃতই পুকুর থাকলে তা খুঁড়ে দেওয়া হবে। অতীতে তার নজির দেখিয়েছে ভাটপাড়া পুরসভা। পুকুর বা জলাশয় ভরাট করতে দেওয়া হবে না।
সম্পর্কিত সংবাদ