Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে আত্মহত্যার চেষ্টা গৃহবধূ প্রেমিকার

প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে আত্মহত্যার চেষ্টা গৃহবধূ প্রেমিকার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এসে কয়েক ঘণ্টা ধর্না দেওয়ার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ‘প্রেমিকা’ গৃহবধূ। ঘটনায় পিয়ালি সামন্ত নামের ওই গৃহবধূকে আটক করেছে পুলিস। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বাকুল তাঁতিপাড়া এলাকায়। 
Advertisement
জানা গিয়েছে, ডোমজুড় থানার কেশবপুরের বাসিন্দা পিয়ালি সামন্তর সঙ্গে গত দু’বছর ধরে জগৎবল্লভপুরের যুবক পলাশ সুরাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। পিয়ালির স্বামী ও একটি পুত্রসন্তান রয়েছে। অথচ নিজের সংসার ছেড়ে প্রেমিক পলাশের সঙ্গে থাকার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন ওই গৃহবধূ। কিন্তু পলাশ বেঁকে বসায় বুধবার সকালে পলাশের বাকুল তাঁতিপাড়ার বাড়ির সামনে এসে হাজির হন পিয়ালি। বিকেল পর্যন্ত প্রেমিকের বাড়ির সামনে ধর্না চালিয়ে যান তিনি। এরপর সন্ধ্যে নাগাদ ওড়না দিয়ে এলাকারই একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুর থানায় খবর দেন। এরপর পুলিস এসে গৃহবধূকে আটক করে নিয়ে যায়। 
গৃহবধূ বলেন, ‘আমার সঙ্গে গত দু’ বছর ধরে সম্পর্ক রাখার পর এখন পলাশ আমায় বিয়ে করতে অস্বীকার করছে। সে কারণেই আমি আত্মঘাতী হতে চেয়েছি।’ এদিকে প্রেমিক পলাশের দাবি, বছর দুয়েক আগে ফেসবুকে পরিচয় হয় তাঁদের। পিয়ালি যে বিবাহিত সেটা জানতেন না তিনি। জানার পরেই সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে টাকা দাবি করছে সে। আমি কোনওভাবেই ওই মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না।’ পুলিস জানিয়েছে, গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ