নয়াদিল্লি, ৩১ আগস্ট: জিডিপি নিয়ে আজ, সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের ৭.৮ শতাংশের জিডিপি বৃদ্ধি বিরাট অর্জন। বিশ্বজুড়ে অনিশ্চয়তা, তেলের দামের আকস্মিক ওঠানামা এবং সরবরাহ ব্যবস্থায় একাধিক জটিলতা থাকা সত্ত্বেও ভারতের এই জিডিপি বৃদ্ধির নেপথ্যে রয়েছে আমাদের দেশের জনসাধারণের সম্মিলিত শক্তি। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লেখেন, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির নেপথ্যে রয়েছে দেশের আমজনতা এবং তাঁদের কঠোর পরিশ্রম।
আজ জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করে কেন্দ্র। তাতেই দেখা যায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে তা বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ। যা প্রত্যাশিত ৭.১ শতাংশের চেয়ে অনেকটাই বেশি। গত বছরের জুন মাস পর্যন্ত এই হার ছিল মাত্র ৬.৯ শতাংশ। ফলে আর্থিক বৃদ্ধির হার যে অনেকখানি ঊর্ধ্বমুখী তাতে সন্দেহের কোনো অবকাশই নেই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৮১.৩৬ লক্ষ কোটি টাকায়। যেটি আগের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, নমিনাল জিডিপি ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৮৮.২৭ লক্ষ কোটি টাকায়। যা গত বছর ছিল ৮০ লক্ষ কোটি টাকা। প্রথম ত্রৈমাসিকে জিভিএ ৮.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৮২ লক্ষ কোটি টাকায়। দেশীয় পণ্য উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রেও এই প্রভাব লক্ষ্যনীয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকখানি বাড়ায় ভারতের জিডিপিতেও তার প্রভাব পড়ার সম্ভাবনা ছিলই। কিন্তু আশঙ্কা উড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দেশের জিডিপি। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের অভ্যন্তরীণ চাহিদা বজায় থাকার ফলেই এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছে।
অন্যদিকে, আজ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশকেকে তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসসিও সম্মেলন এবং এসসিও প্লাসের মিটিংয়ে মধ্যেই দুই নেতার কথা হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি সামগ্রিক পরিস্থিতিও সম্পর্কেও বিশদে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত সবসময়ই বিশ্বাস করে, যে কোনও সমস্যার সমাধান করতে হয় আলোচনার মাধ্যমেই।