নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে যে শিল্প-বাণিজ্য কনক্লেভ অনুষ্ঠিত হবে, শুক্রবার নবান্নে অনুষ্ঠিত হল তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বৈঠক। ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র এবং মুখ্যসচিব মনোজ পন্থ ও বিভিন্ন দপ্তরের সচিবরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কনক্লেভে উপস্থিত থাকবেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতি এবং আগামীদিনে রাজ্য সরকার কী করতে চাইছে, তা মুখ্যমন্ত্রী এখানেই জানাবেন। রাজ্যে কতটা শিল্পসহায়ক পরিবেশ রয়েছে, তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরবেন শিল্পপতিরা। রাজ্যে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় যে বড়ো প্রকল্পগুলি রূপায়ণ করার প্রক্রিয়া চলছে, সেগুলির উপর আলোচনা করার জন্য সময় বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রাজ্যের মানুষের আর্থ-সামাজিক উন্নতির সঙ্গে শিল্প পরিকাঠামোর উন্নতি হবে। মোট আটটি শিল্পক্ষেত্রকে এই কনক্লেভে বিশেষভাবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। তার মধ্যে তথ্য-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, খাদ্য প্রক্রিয়াকরণ, সেমিকন্ডাক্টর, পর্যটন, বস্ত্র , অলংকার শিল্প এবং লৌহ ও ইস্পাত শিল্প রয়েছে। চর্ম, ওষুধ শিল্প এবং চিকিৎসা পরিষেবা বিষয়ে কনক্লেভে আলোচনা হবে। এসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত সরকারি দপ্তরগুলিকে বিস্তারিতভাবে ‘প্রেজেন্টশনের’ মাধ্যমে রাজ্যের ইতিবাচক দিকগুলি তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আপাতত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না। বিধানসভা ভোটের পর তা হবে। কনক্লেভের আগের দিন ১৭ ডিসেম্বর ছোটো, মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়ে একটি সম্মেলন হবে। সেখানেও মুখ্যমন্ত্রী থাকবেন।