নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়ার সক্রিয়তা বাড়তেই রাজ্যজুড়ে শীতের মাত্রা জোরালো হচ্ছে। কলকাতাসহ বিভিন্ন জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। আজ বৃহস্পতিবার তা আরও নিম্নগামী হবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে ১৭.৮ ডিগ্রি হয়। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও কমবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬-১৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এই সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ১৫ ডিগ্রির আশপাশে। আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির মধ্যে ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা সংলগ্ন দমদমে ১৬.৮ ও বারাকপুরে ১৫.৬ ডিগ্রি। অন্যদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে পূর্ব ভারতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে। সপ্তাহের শেষে পশ্চিম
Advertisement
হিমালয় ও সংলগ্ন এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা থেকে তুষারপাত এবং বৃষ্টি হবে। ঝঞ্ঝা কেটে যাওয়ার পর তাপমাত্রা আরও কমতে পারে।



