Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দত্তপুকুরে ধৃত ১

পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দত্তপুকুরে ধৃত ১
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহিত এক পরিচারিকার সঙ্গে একাধিকবার সহবাস। কিন্তু পরিচারিকা বিয়ে করার প্রস্তাব দিলে তা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যেতে থাকেন তিনি। পরে বঞ্চিত হয়েছেন বুঝতে পেরে ওই পরিচারিকা বাড়ির মালিকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন থানায়। সেই সূত্রে অভিযুক্ত শঙ্কর মণ্ডলকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার বামনগাছি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বামনগাছির সারদাপল্লির বাসিন্দা শঙ্কর মণ্ডলের স্ত্রীর মৃত্যু হয়েছে। ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর বাড়িতে কয়েক ঘর ভাড়াটিয়া আছেন। শঙ্করের এক প্রতিবেশীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন সুন্দরবন এলাকার এক বিবাহিত মহিলা। পরে তিনি শঙ্করের বাড়িতেও পরিচারিকার কাজ শুরু করেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত তিনবছর ধরে তিনি ওই পরিচারিকার সঙ্গে একাধিকবার সহবাস করেন শঙ্কর। সম্প্রতি, ওই পরিচারিকা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তাতে রাজি ছিলেন না তিনি। পরিচারিকা বলেন, আমি ওঁর বাড়িতেই থাকতাম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন। আমি বিয়ে করতে বলায় এড়িয়ে যাচ্ছিলেন, উল্টে হুমকিও দিচ্ছিলেন। রবিবার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আমি পুলিসের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছি। দত্তপুকুর থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ