লাস ভেগাস: চৌষট্টি খোপের লড়াইয়ে ভারতীয়দের ভূত দেখছেন ম্যাগনাস কার্লসেন। একের পর এক প্রতিযোগিতায় তাঁর বিদায় ঘণ্টা বাজাচ্ছেন ভারতের তরুণ দাবাড়ুরা। চলতি মাসের শুরুতে ডোম্মারাজু গুকেশের কাছে একাধিকবার হারের যন্ত্রণা ভোলার আগেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে পরপর মাত করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় দাবাড়ুদের বারবার খাটো করে আসা কার্লসেনকে যেন বোর্ডেই হিসেব মিটিয়ে দেওয়ার পণ নিয়েছেন গুকেশ-প্রজ্ঞারা।
লাস ভেগাসে আয়োজিত ফ্রি স্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যামে শনিবার রাতে প্রজ্ঞানন্দর কাছে হেরেই কার্যত বিদায় নিশ্চিত হয়েছিল নরওয়ের মহাতারকার। শেষ ম্যাচে লেভন আরোনিয়ার কাছেও বশ মেনে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কার্লসেন। তবে প্রজ্ঞানন্দও শেষ গেমে সুবিধা করতে পারেননি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে হেরে বিদায় নিলেন তিনি। কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলতে বসেছিলেন প্রজ্ঞানন্দ। শুরু থেকে প্রাধান্য বজায় রেখে ৪৩ চালে নরওয়ের মহারথীকে কিস্তিমাত করেন তিনি। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে লেভন আরোনিয়ার বিরুদ্ধে জিততে হতো কার্লসেনকে। কিন্তু তাতেও ব্যর্থ তিনি। উল্লেখ্য, গত মাসে নরওয়ে দাবা প্রতিযোগিতায় কার্লসেনের বিরুদ্ধে জয় পান প্রজ্ঞানন্দ। তবে এদিন কারুয়ানাকে বশ মানাতে পারলেন না তিনি। ছয় গেমের লড়াইয়ে তাদের ফল ছিল ৩-৩। এরপর টাই-ব্রেকারে বাজিমাত করেন কারুয়ানা। প্রজ্ঞানন্দ বিদায় নিলেও ভারতের আশা জিইয়ে রেখেছেন অর্জুন এরিগাইসি। শেষ চারে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে, জর্জিয়ার বাটুমিতে মহিলাদের দাবা বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি।