Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের স্বীকৃতি মেয়রের ওয়ার্ডের

পুর স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের স্বীকৃতি মেয়রের ওয়ার্ডের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার গুণমানের নিরিখে কেন্দ্রের স্বীকৃতি পেল কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড হেলথ ইউনিট। মেয়র ফিরহাদ হাকিম এই ওয়ার্ডের কাউন্সিলার। ৫ ও ১০২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রও এই স্বীকৃতি পেয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই শংসাপত্র পায়নি পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষের ১১ নম্বর ওয়ার্ডের হেলথ ইউনিট। স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, ১১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হয়নি বলে অভিযোগ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে।
Advertisement
কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল কোয়ালিটি সুপারভাইজরি কমিটি গ্রামীণ ও শহুরে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবার গুণগত মান, রোগীর অধিকার সহ একাধিক বিষয়ের মূল্যায়ন করে থাকে। সেই ‘পরীক্ষা’য় পাশ করলে মেলে মন্ত্রকের স্বীকৃতিপত্র ( ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস সার্টিফিকেট)। জানা গিয়েছে, রাজ্যের ৪৬০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান এই সার্টিফিকেট পেয়েছে। তার মধ্যে শহর এলাকার ৬০টি কেন্দ্র রয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৪০, ৫০, ১৩১, ১৩৪ ও ১৪৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র এই সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে। শংসাপত্র পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে পুর কর্তৃপক্ষই। এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘এই সার্টিফিকেট পেতে গেলে আগে আমাদের নিজস্ব উপায়ে মূল্যায়ন করতে হয়। তারপর ঠিক পরীক্ষায় বসার মতো করে কেন্দ্রীয় টিমের মুখোমুখি হতে হয়। তাঁদের দেওয়া নম্বরের ভিত্তিতে স্বীকৃতিপত্র মেলে। সেভাবেই কলকাতার তিনটি স্বাস্থ্যকেন্দ্র এই সার্টিফিকেট পেয়েছে। একটি ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হয়নি বলে চিঠি লিখে জানানো হয়েছে। তবে এখনও তার কোনও জবাব আসেনি।’ প্রসঙ্গত, পুর স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা কেমন, রোগীর অধিকার রক্ষিত হচ্ছে কি না, পরিকাঠামো কেমন, ওষুধপত্র, রক্ত পরীক্ষার মান কেমন, চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য কর্মী কতটা সহায়ক—এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে শংসাপত্র 
দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ