Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে সৌর প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ বাড়াতে উদ্যোগী বিদ্যুৎ দপ্তর, সূর্য ঘর যোজনায় জোর প্রশাসনের

বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন। তাতে একদিকে যেমন কমতে পারে বিদ্যুতের বিল, অন্যদিকে পরিবেশের উপরেও কমবে চাপ।

বারাসতে সৌর প্রকল্প নিয়ে মানুষের  আগ্রহ বাড়াতে উদ্যোগী বিদ্যুৎ দপ্তর, সূর্য ঘর যোজনায় জোর প্রশাসনের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন। তাতে একদিকে যেমন কমতে পারে বিদ্যুতের বিল, অন্যদিকে পরিবেশের উপরেও কমবে চাপ। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’ নিয়ে তাই এবার আরও বেশি সংখ্যক মানুষকে সচেতন করতে উদ্যোগী হল বিদ্যুৎ দপ্তরের বারাসত ইউনিট। প্রকল্পের সুবিধা, ভরতুকির পরিমাণ এবং আবেদন পদ্ধতি নিয়ে গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দপ্তর। এই উদ্যোগের অংশ হিসাবে ক’দিন আগে বারাসতের বিদ্যাসাগর ভবনে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে প্রকল্প ব্যাখ্যা করার পাশাপাশি কারা এর সুবিধা পাবেন, এবং কীভাবে আবেদন করতে হবে, তা নিয়ে আলোচনা হয়। দপ্তর সূত্রে খবর, ২০২৪ সালে শুরু হয় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য কেন্দ্রের তরফে ভরতুকি দেওয়া হয়। এক কিলোওয়াটের জন্য ৩০ হাজার টাকা, দুই কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং তিন কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভরতুকি পাওয়ার সুযোগ রয়েছে। ফলে সৌর প্যানেল বসানোর প্রাথমিক খরচের একটা বড়ো অংশই কেন্দ্রীয় ভরতুকির মাধ্যমে মেটানো সম্ভব। দপ্তরের বক্তব্য, সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারলে গ্রাহকের প্রচলিত বিদ্যুতের উপর নির্ভরতা কমবে। ফলে দীর্ঘমেয়াদে বিদ্যুতের খরচও কমবে। এর আওতায় এলে সাধারণ গ্রাহকের বিদ্যুতের বিল শূন্য পর্যন্ত হতে পারে বলে দাবি দপ্তরের। সেই সুবিধার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সচেতনতা কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে।

Advertisement

বিদ্যুৎ দপ্তরের বারাসতের ডিভিশনাল ম্যানেজার সোমনাথ মণ্ডল বলেন, এই প্রকল্পের আওতায় এলে মানুষের বিদ্যুৎ বিল শূন্য হতে পারে। কীভাবে আবেদন করতে হবে, তা গ্রাহকদের বোঝানো হচ্ছে। ব্লক ও পুরসভা এলাকায় এনিয়ে জোরদার প্রচার করা হচ্ছে। প্রকল্পটি নিয়ে গ্রাহকদের মধ্যে ভালো সাড়া পড়েছে। অনলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তাই বিভিন্ন এলাকায় গিয়ে সচেতনতা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে প্রকল্পটির সুবিধা বোঝানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ